সালিসে স্কুলছাত্রকে বেধড়ক লাঠিপেটা গ্রেপ্তার ১
নড়াইলে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সালিস বৈঠকে ইমরান খান (১৩) নামের এক স্কুলছাত্রকে বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। গত মঙ্গলবার নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমরানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বরাশুলা গ্রামের ইবাদ মোল্যার ছেলে ইমরান বরাশুলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগ ছিল।সোমবার স্কুল ছুটির পর ইমরান সদর উপজেলার শিখালী খেয়াঘাটের পাশে দাঁড়িয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলে। এর জের ধরে ওই গ্রামের সাগর ও শাহীনসহ কয়েকজন মাতবর পরের দিন বরাশুলা মাদ্রাসা মাঠে ইমরানকে ডেকে নিয়ে সালিসের নামে লাঠিপেটা করে। বুধবার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নির্যাতনের অভিযোগে ইমরানের মা বাদী হয়ে সাগর ও শাহীনকে আসামি করে মামলা করেছেন। শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।