সালিসে হামলা, নিহত ১
কিশোরগঞ্জের ইটনায় গ্রাম্য সালিস চলার সময় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত শনিবার উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু সাদেক ভূঁইয়া (৫২) এবং আহত ব্যক্তির নাম ইয়াহিয়া (২০)। তাঁরা উপজেলার লাইমপাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে লাইমপাশা গ্রামের জাহাঙ্গীর ভূঁইয়া একই গ্রামের এক নারীকে কটূক্তি করেন। এই ঘটনায় ওই নারীর ভাই সাদেক ভূঁইয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন। তাঁর ওই দাবির পরিপ্রেক্ষিতে শনিবার রাত নয়টার দিকে ওই গ্রামের ভূঁইয়াবাড়িতে সালিস বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে সালিসের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সাদেকের সঙ্গে প্রতিপক্ষের জাহাঙ্গীরের বচসা হয়। এর জের ধরে সালিসেই জাহাঙ্গীর, তাঁর সমর্থক মহসিন, লালন, আলমগীরসহ কয়েকজন সাদেক ভূঁইয়া ও ইয়াহিয়ার বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন। এ সময় দুজন গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন সাদেক ও ইয়াহিয়াকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।
ইয়াহিয়াকে গতকাল রোববার ভোরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইটনা থানার ওসি আবদুস সালাম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।