সালিসে হামলা, বদরগঞ্জে চেয়ারম্যানসহ আহত ১৫
রংপুরের বদরগঞ্জে সালিসে হামলার ঘটনায় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াহেদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত রোববার দুপুরে উপজেলার খামারপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই বদরগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এলাকাবাসীর অনেকে জানান, বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের খামারপাড়া গ্রামের শাহাজান আলীর সঙ্গে তাঁর ভাতিজা মোছাদ্দেক আলীর দুই একর আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রোববার ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ স্থানীয় খামারপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে গ্রামের লোকজন নিয়ে সালিস বৈঠকে বসেন। একপর্যায়ে মোছাদ্দেক আলীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ওই সালিসে হামলা করেন। এতে আবদুল ওয়াহেদ (৫৫), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রামাণিকসহ (৫০) ১৫ জন আহত হন। আবদুল ওয়াহেদসহ গুরুতর আহত ১০ জনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থার অবনতি ঘটায় নুরুজ্জামান প্রামাণিক ও মোন্নাফ আলীকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবদুল ওয়াহেদ বলেন, ‘দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদ মীমাংসা করে দেওয়ার জন্য গ্রামের লোকজনকে নিয়ে সালিস বৈঠকে বসি। সালিস চলাকালে মোছাদ্দেক আলীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে আমার ডান হাত কেটে যাওয়ায় ১১টি সেলাই দিতে হয়েছে।’
মোছাদ্দেক আলী অভিযোগ করেন, সালিসের একপর্যায়ে ইউপি চেয়ারম্যান তাঁর প্রতিপক্ষ শাহাজান আলীকে জমি দখলের নির্দেশ দেন। এরপর সালিসের লোকজনই তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, ওই ঘটনায় দুই পক্ষই রোববার রাতে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।