সালিসেই প্রতিপক্ষের হামলা!
নরসিংদীর বেলাব উপজেলার আবদুলনগর গ্রামের কিরণ মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে নয় বছর আগে একই গ্রামের হানিফ ভূঁইয়া ১০ শতাংশ জমি কেনেন। দীর্ঘ সময় পর কিরণ মিয়ার চাচা শামসু মিয়া ওই জমির দুই শতাংশ জোর করে দখলে নেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করায় সালিস বৈঠকেই হানিফ ভূঁইয়ার ভাতিজা শহীদুল ইসলাম (৩০) ও স্কুলশিক্ষক খোকন মিয়াকে (২৮) কুপিয়ে আহত করে শামসু মিয়ার লোকজন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুলনগর গ্রামের দুই প্রতিবেশী শহীদুল ইসলাম ও শামসু মিয়ার মধ্যে আগে থেকে বিরোধ চলছিল। কিছুদিন ধরে শহীদুল ইসলামের বসতবাড়ি থেকে শামসু মিয়ার লোকজন গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে তারা হানিফ ভূঁইয়ার জমির ওপর দখল প্রতিষ্ঠা করে। দখল ফিরে পেতে হানিফ ভূঁইয়া সমাজপতিদের সহযোগিতা চান। ৩ মার্চ বিকেলে এ নিয়ে সালিস বৈঠক বসে। জমির মাপজোখ চলাকালে প্রথমে শামসু মিয়ার লোকজন দা-বল্লম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে শহীদুল ও খোকন গুরুতর আহত হন। তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে শহীদুল বলেন, ‘গ্রামের লোকজনের উপস্থিতিতে আক্রমণ হওয়ার পর এখন নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি।’ তিনি অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের অভিযোগটি এখনো মামলা হিসেবে নেয়নি।’ অভিযুক্ত শামসু মিয়া মুঠোফোনে বলেন, ‘২৫ বছর আগে কেনা জমিতে শহীদুলরা ঘর করে চার-পাঁচ বছর আগে। তাদের বাড়ির সঙ্গে আমাদের জমি রয়েছে। কেনা জমির চেয়ে বেশি জমি দখলে নিয়ে তারা বাড়ি করেছে। বিষয়টি স্পষ্ট হওয়ার পর আমরা আমাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। কিন্তু তারা আমাদের এই আবেদনে বিন্দুমাত্র সাড়া দেয়নি।’মামলা না নেওয়া প্রসঙ্গে বেলাব থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষই পৃথক অভিযোগ দিয়েছে। গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিদের অনুরোধে অভিযোগ দুটির কোনোটিই মামলা হিসেবে নেওয়া হয়নি।’