সালিসের নামে গৃহবধূর চুল কেটে দেওয়া হলো!
রংপুরের পীরগাছা উপজেলায় সালিসের নামে এক গৃহবধূর চুল কেটে দেওয়া হয়েছে। ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী একরামুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।পীরগাছা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একরামুল (৩৮) প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক গৃহবধূকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। গত ১৬ অক্টোবর রাতে একরামুল ওই গৃহবধূর বাড়িতে গেলে আশপাশের লোকজন টের পেয়ে তাঁকে আটক করে। পরদিন গ্রাম্য মাতব্বররা সালিস করে ওই গৃহবধূর মাথার চুল কেটে দেন। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একরামুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য ময়েনউদ্দিন ও আজিজুল ইসলামসহ কয়েক ব্যক্তি এ সালিস পরিচালনা করেন। এদিকে জরিমানার টাকা সালিসকারীরা পকেটস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর ওই গৃহবধু গত শুক্রবার একরামুল ও সালিসকারীসহ ১৭ জনের বিরুদ্ধে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।যোগাযোগ করা হলে ইউপি সদস্য ময়েনউদ্দিন বলেন, ‘গ্রামের সবাই মিলে এ বিচার করেছে। জরিমানার ১৫ হাজার টাকা পেয়েছি। বাকি টাকা পেলে ওই গৃহবধূকে দেওয়া হবে।’ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিশেষ সরকারি কৌঁসুলি খন্দকার রফিক হাছনাইন গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্রাম্য সালিসে চুল কেটে দেওয়ার বিষয়টি একেবারেই বেআইনি। সালিসের নামে এখানে অপরাধ করা হয়েছে।’ পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা জানতে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন এখনো আসেনি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’