সালিসের নামে চুল কেটে আলকাতরা
শ্বশুর ও ছেলের বউকে অপবাদ দিয়ে সালিসে মারধর এবং মাথার চুল কেটে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর তাঁদের এলাকায় ঘোরানো হয়। বগুড়ার শিবগঞ্জের গ্রামে ওই ঘটনায় সোমবার বিকেলে ২২ জনের নাম উল্লেখসহ ৩৭ জনের নামে মামলা করা হয়েছে।পুলিশ মামলার আসামি আবুল কাশেম, রবিউল আলম ও তোফাজ্জল মণ্ডলকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে এলাকার একদল মানুষ ওই নারীর বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। পরে ওই নারীর সঙ্গে তাঁর শ্বশুরের অনৈতিক সম্পর্ক আছে বলে অভিযোগ তোলে এবং ওই বাড়ির মধ্যেই সালিস বসায়। তারা উভয়কে লাঠি দিয়ে পেটায় ও কিলঘুষি মেরে আহত করে। এরপর এলাকার এক নাপিত ডেকে এনে তাঁদের মাথা ন্যাড়া করে আলকাতরা ও কালি মেখে দেওয়া হয়। এরপর আসামিরা তাঁদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে একটি দোকানের বারান্দায় আটকে রাখে এবং আরও শাস্তি দেওয়ার আয়োজন করে। এ অবস্থায় রাত ১০টার দিকে পুলিশ আসার কথা শুনে আসামিরা পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার ওই গৃহবধূ ও তাঁর শ্বশুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর স্বামী জানান, তাঁদের কোনো কথা না শুনেই আসামিরা বাড়িতে ঢুকে দোষী বানিয়ে তাঁকে ও তাঁর স্ত্রী, বাবাকে মারপিট করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।