মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ধর্ষণচেষ্টার ঘটনায় এক গৃহবধূ থানায় মামলা করেন। এরপর বিষয়টি মিটমাটের জন্য স্থানীয়ভাবে একটি সালিসবৈঠক হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত না মানায় ওই গৃহবধূ ও তাঁর স্বজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার শিকার গৃহবধূর (২৬) শ্বশুরবাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামে। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ তাঁদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে পার্শ্ববর্তী সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বাবার বাড়িতে প্রায় তিন বছর ধরে বসবাস করছেন। পার্শ্ববর্তী বাড়ির মো. শাহাব উদ্দিনের ছেলে ইসমাইল মিয়া (৩০) প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন। গত ১৫ মার্চ বেলা তিনটার দিকে ইসমাইল বসতঘরে ঢুকে গৃহবধূকে একা পেয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর চিৎকারে অন্য ঘরে থাকা স্বজনেরা ছুটে এলে ইসমাইল টের পেয়ে দ্রুত সটকে পড়েন। এতে অসুস্থ হয়ে পড়ায় গৃহবধূ হাসপাতালে চিকিৎসা নেন।পরে ২১ মার্চ গৃহবধূ বাদী হয়ে ইসমাইলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুড়ী থানায় মামলা করেন। এলাকাবাসী জানান, বিষয়টি মিটমাটের জন্য ২৪ এপ্রিল দুপুরের দিকে জাঙ্গালিয়া গ্রামে একটি সালিসবৈঠক হয়। বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়, আসামির স্বজনেরা চিকিৎসার খরচ হিসেবে গৃহবধূকে দুই হাজার টাকা দেবেন। এ ছাড়া থানা থেকে মামলা প্রত্যাহার করে আনার ব্যাপারেও তাঁরা অর্থিক সহযোগিতা করবেন। এর একপর্যায়ে গৃহবধূ ও তাঁর স্বজনেরা ক্ষোভে বৈঠক থেকে চলে যান। গৃহবধূ এই প্রতিবেদককে বলেন, বৈঠকের সিদ্ধান্ত না মানায় আসামিপক্ষের লোকজন মামলা প্রত্যাহার করে নিতে বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে।বৈঠকের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আবদুল্লাহ বলেন, ‘আসলে মহিলার অভিযোগ সঠিক ছিল না। সে কারণে বিষয়টি নিষ্পত্তি করতে সালিসবৈঠক ডাকা হয়।’ আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন বলেন, ‘বৈঠকে বসার আগে মামলার বিষয়টি জানিনি। জানার পর সবাইকে বলে এসেছি, আইনগত যা হয়, হবে।’ মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আসামি পলাতক। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত ইসমাইলের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।