সালিসের সিদ্ধান্ত না মানায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ও শ্বশুরের পরিবারের মধ্যে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে তালাক দেওয়ার গল্প ফেঁদেছিলেন জাহাঙ্গীর মৃধা। এতেই ঘটে বিপত্তি। গ্রাম্য মাতব্বরেরা সালিস-বৈঠক করে হিল্লা বিয়ে দিয়ে স্ত্রীকে পুনরায় গ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু ওই সিদ্ধান্ত মানেননি তিনি। এ কারণে শিকল দিয়ে তিন দিন বেঁধে রাখা হয়েছিল তাঁকে। গত সোমবার তাঁকে শিকলবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে সোমবার ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীরের মামাশ্বশুর মো. ছুরমান মোল্লাকে (৪০) পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের জালাল শেখের মেয়ে শারমিন সুলতানার সঙ্গে সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের রুহুল মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধার তিন বছর আগে বিয়ে হয়। ছয় মাস আগে জাহাঙ্গীর বাড়ি থেকে ব্যবসার জন্য ১৪ হাজার টাকা নিয়ে ছুরমান মোল্লাকে ধার দেন। ওই টাকা তুলে জাহাঙ্গীর নিজেই খরচ করেন। জাহাঙ্গীরের পরিবারের লোকজন টাকা আনার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে জাহাঙ্গীর ও শারমিনের বাবার পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে জাহাঙ্গীর তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন বলে পরিবারের সদস্যদের জানিয়ে দেন। তিন-চার মাস ধরে জাহাঙ্গীর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে থাকছেন। গ্রামের মাতব্বরেরা বিষয়টি জানতে পেরে সালথা উপজেলার বাহিরদিয়া মাদ্রাসা চত্বরে শুক্রবার সালিস-বৈঠক করেন। এতে বাহিরদিয়া গ্রামের মো. বাদশা মোল্লা, তৈয়েবুর রহমানসহ কয়েকজন মাদ্রাসা শিক্ষক উপস্থিত ছিলেন। গ্রাম্য মাতব্বর মো. বাদশা মোল্লা জানান, যেহেতু জাহাঙ্গীর তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন বলে মৌখিকভাবে স্বীকার করেছেন, তাই শরিয়ত অনুযায়ী তাঁর স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে। কিন্তু সালিসের এ সিদ্ধান্ত জাহাঙ্গীর মানেননি।মো. জাহাঙ্গীর মৃধা বলেন, ‘আমি আমার স্ত্রীকে কখনো তালাক দিইনি। পারিবারিক চাপে তালাকের গল্প সাজিয়েছিলাম। ওই দিন সালিস-বৈঠকে আমি তাঁদের এ কথা বলেও ছিলাম। কিন্তু মাতব্বরেরা স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য কঠিন শর্ত দেওয়ায় তা আমি মানিনি। পরদিন (শনিবার) আমি শ্বশুরবাড়ি যাই। ওই দিন গভীর রাতে ছুরমান মোল্লার নেতৃত্বে কয়েকজন আমাকে একটি স্থানে তুলে নিয়ে যায়। তাঁরা সেখানে নিয়ে পায়ে শিকল পরিয়ে একটি ঘরের খুঁটিতে তালা দিয়ে আটকে রাখে।’ শারমিন সুলতানা বলেন, ‘আমার স্বামী খুব সহজ-সরল। আমাদের কখনো তালাক হয়নি।’ছুরমান মোল্লা বলেন, ‘যেহেতু শরিয়ত অনুযায়ী তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা বৈধ নয়, তাই জাহাঙ্গীরকে তাঁর পরিবারের হাতে তুলে দিতে আটকে রাখা হয়েছিল। শিকল দেওয়ার বিষয়টি বাড়ির ছেলেপেলেরা করেছে।’ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল বলেন, ‘তিন দিন ধরে একজন সুস্থ মানুষকে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ঘটনার শিকার যুবকটির স্ত্রী আমার কার্যালয়ে এসে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে আমি পুলিশ পাঠিয়ে তাঁকে উদ্ধার করে আমার কার্যালয়ে নিয়ে আসি। ইতিমধ্যে ঘটনায় জড়িত এক ব্যক্তিকে জেল দেওয়া হয়েছে।’