সালিসের সিদ্ধান্ত মানতে না পেরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্যবর্তী মধ্যগোবিন্দপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, ছেলের প্রেমের সম্পর্কের ঘটনায় সালিসের সিদ্ধান্ত মানতে না পেরে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়ার ছেলে বোরহানের সঙ্গে তাঁর চাচাতো বোন লিমা আক্তারের (বাচ্চুর চাচাতো ভাই আবু বাক্কারের মেয়ে) প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি নান্দাইলের সিংরইল গ্রামের এক মেয়ের সঙ্গে বোরহানের (২৫) বিয়ে ঠিক হয়। এরপর গত সপ্তাহে লিমাকে (১৯) নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বোরহান। এ ঘটনায় মেয়ের পক্ষের লোকজন লিমাকে ফেরত এনে দেওয়ার জন্য একাধিকবার বোরহানের বাড়িতে হামলা চালায়। বাচ্চু মিয়াকে মারধরও করা হয়। সেই সঙ্গে অপহরণের অভিযোগ এনে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। একপর্যায়ে পুলিশের ভয়ে বাচ্চু মিয়া গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের দ্বারস্থ হন। গত শুক্রবার উভয় পক্ষকে ডেকে নিয়ে সালিসে বসেন চেয়ারম্যান। সালিসে এলাকার সুনু মিয়া (৪০) ও আবদুল জব্বার (৫০) উপস্থিত ছিলেন।
সুনু ও জব্বার জানান, সালিসকারীরা বাচ্চুর বাড়িঘর ভাঙচুর ও তাঁকে মারধরের ঘটনার বিচার করেননি, বরং চার লাখ টাকার দেনমোহর ও এক লাখ টাকার স্বর্ণালঙ্কার দিয়ে লিমাকে ঘরে তোলার সিদ্ধান্ত দেন এবং এটা মেনে নেওয়ার জন্য বাচ্চুকে চাপ দেন। এমনকি ছেলের কার্যকলাপের জন্য সালিসে বাচ্চুকে ক্ষমা চাইতে বলা হয়। প্রকাশ্যে এ রকম অপমান সইতে করতে না পেরে ক্ষোভে-দুঃখে বাড়ি ফিরে যান বাচ্চু। পরে সবার অলক্ষ্যে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়। সেখানেই লাশের ময়নাতদন্ত হয়।
বাচ্চু মিয়ার স্ত্রী জোবেদা খাতুন (৪০) বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। ছেলের অপরাধের কারণে আমাদের ওপর অন্যায় করা হয়েছে। অপমান সইতে না পেরে আমার স্বামী আত্মহত্যা করেছেন। আমি এর বিচার চাই।’
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ঘটনাটি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বাচ্চু মিয়া আত্মহত্যা করতে পারেন, তা ধারণা করতে পারিনি। সালিসে তাঁকে কোনো অপমান করা হয়নি।’
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।