সালিসের সিদ্ধান্তে গৃহবধূ গ্রামছাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে এক গৃহবধূকে গ্রামছাড়া করা হয়েছে। গত শুক্রবার সালিস বৈঠক ডেকে গ্রাম্য মাতব্বরেরা তাঁকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। গত শনিবার ওই গৃহবধূ তাঁর দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। ওই গৃহবধূর নাম বেবী সুলতানা (২৮)।

শুক্রবার রাতে পৌর এলাকার স্বজনপুকুর (বুন্দিপাড়া) গ্রামের মাহাবুব আলমের বাড়ির সামনে মাতব্বরেরা সালিস বৈঠক করেন। এতে ওই গৃহবধূর স্বভাব-চরিত্র খারাপ বলে অভিযোগ উত্থাপন করা হয়। শেষে মাহাবুব আলম ওই গৃহবধূকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেন। এ নির্দেশ না মানলে ওই গৃহবধূর স্বামীর পরিবারকে সমাজচ্যুত করা হবে বলে হুমকি দেন তিনি।

এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী ফজলু শেখ শনিবার ১১ জন মাতব্বরের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফজলু শেখ লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মাহাবুব আলম, আবদুস সাত্তার, রেজাউল আলম, মজিবরসহ গ্রামের কয়েকজন মাতব্বর কয়েক মাস ধরে তাঁর স্ত্রীর স্বভাব-চরিত্র ভালো নয় বলে অপবাদ দিচ্ছিলেন। এ কারণে তাঁরা তাঁকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তালাক না দিলে তাঁদের সমাজচ্যুত করা হবে বলে ভয় দেখাচ্ছিলেন তাঁরা। দুই মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাঁর স্ত্রী বাবার বাড়ি চলে যান।

ফজলু শেখ লিখিত অভিযোগে আরও উল্লেখ করেছেন, সপ্তাহ খানেক আগে তাঁর বাবা জহির শেখ তাঁর স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রাম্য মাতব্বরেরা শুক্রবার রাতে সালিস ডাকেন। সালিস বৈঠকে অপবাদ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর স্ত্রীকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে দিনাজপুর জেলা জজ আদালতের আইনজীবী মাহবুবুর রশীদ জানান, কারও বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ থাকলে আদালতের নির্দেশে ব্যবস্থা নিতে হবে। সালিস বৈঠকে এ রকম ঘটনার বিচার কেউ বা কোনো গোষ্ঠী করতে পারে না। এ বিচারের এখতিয়ার আদালত ছাড়া অন্য কারও নেই। মাতব্বর মাহাবুব আলম জানান, ওই গৃহবধূর স্বভাব-চরিত্র খারাপ। সব সময় তাঁর বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা। এ কারণে গ্রামের পরিবেশ ঠিক রাখতে সালিসের মাধ্যমে তাঁকে ছয় মাস গ্রামের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই গৃহবধূ জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো কাজের সঙ্গে তিনি জড়িত নন। গ্রামবাসী এসব অভিযোগ প্রমাণ করতে পারেননি।

ফজলু শেখের প্রতিবেশী মিজানুর রহমান জানান, অনুমান করে ওই নারীর নামে অপবাদ দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী গ্রাম্য সালিসে ফতোয়া দেওয়া এবং কাউকে সমাজচ্যুত কিংবা উচ্ছেদ করা যায় না। তিনি গ্রাম্য মাতব্বরদের এ ধরনের সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিলেন। কিন্তু তাঁরা (গ্রাম্য মাতব্বরেরা) তাঁর কথা শোনেননি। 

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মহন্ত জানান, অভিযোগ তদন্ত করা হয়েছে। ওই গৃহবধূর ওপর গ্রামের কতিপয় যুবকের লোলুপ দৃষ্টি পড়েছিল। এতে সফল হতে না পেরে অপবাদ দিয়ে তাঁরা তাঁকে গ্রামছাড়া করেছেন। উভয় পক্ষের লোকজনকে নিয়ে বিষয়টি সমঝোতা করার চেষ্টা চলছে। সমঝোতা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।