সালিসের সেই কবরস্থানেই সমাহিত হলেন লোকমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভায় সালিস-বিচারে মানুষ মিথ্যা বলে। তাই নরসিংদী পৌরসভার কবরস্থানে সালিসি আদালত বসানোর উদ্যোগ নিয়েছিলেন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন, যাতে মানুষ কবরের পাশে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে না পারে। এ জন্য কবরস্থানের এক পাশ পরিষ্কার-পরিচ্ছন্নও করা হয়। গত বুধবার ছিল সেই কবরস্থানে সালিসি আদালত বসানোর দিন। আর এ দিনই ওই কবরস্থানে সমাহিত করা হয় মেয়র লোকমানকে। একই সঙ্গে সমাহিত হয় লোকমানের আদালতও!স্থানীয় অধিবাসীরা বলেন, সালিস-বিচারে সুনাম ছিল লোকমানের। সপ্তাহের প্রতি বুধবার নরসিংদী পৌরসভার কার্যালয়ে বসত মেয়রের সালিসি আদালত। সেখানেই মীমাংসা করা হতো স্থানীয় ঝগড়া-বিবাদ। এলাকার অনেক জটিল মামলা-মোকদ্দমার নিষ্পত্তিও হয়েছে পৌর আদালতে। মেয়র লোকমান হোসেনের ঈর্ষণীয় জনপ্রিয়তার এটা একটি বড় কারণ বলে জানা গেছে। জেলা নজরুল একাডেমীর অধ্যক্ষ ও শহরের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা মতিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গরিব-দুঃখী মানুষের জন্য লোকমান ছিলেন নিবেদিত। তাঁর সালিস দরবার ছিল পক্ষপাতমুক্ত। এ কারণে মানুষ তাঁকে পছন্দ করত, বিশেষ করে গরিব মানুষেরা।’নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেন, ‘ওনার পৌর আদালতটা জনপ্রিয় ছিল। আমিও মাঝেমধ্যে যেতাম। সেখানে দেনা-পাওনার বিষয় থাকত। সেখানকার কোনো বিষয় হত্যার পেছনে কাজ করেছে কি না, তা-ও দেখা হচ্ছে।’