সালেপুরের সেই দুর্ঘটনার দিনে স্বজনদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সালেপুরের মর্মান্তিক দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল বুধবার। সেই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে সালেপুর সেতুতে মানববন্ধন করা হয়। সোসাইটি ফর রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট নামের একটি সংগঠনের আয়োজনে ওই মানববন্ধনে অংশ নেয় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় লোকজন। মানববন্ধন থেকে মহাসড়কের ত্রুটিপূর্ণ বাঁক, সেতু সংস্কার ও অদক্ষ চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।২০১০ সালের ১০ অক্টোবর সালেপুর সেতুতে ওঠার সময় রাজধানী থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে তুরাগ নদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ঠিক কতজন মারা যায়, তার সঠিক পরিসংখ্যান নেই স্থানীয় প্রশাসনের কাছে। তবে অনেক পরিবারই তাদের স্বজনদের লাশ খুঁজে পায়নি। এখনো সেই সঞ্চৃতি বয়ে বেড়াচ্ছে দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা। ওই দুর্ঘটনায় নিখোঁজ হন সাভারের যাদুরচর এলাকার খোকন মীর (৩০)। তাঁর ছেলে শাহাদ আলী (৮)। সে প্রথম আলোকে বলে, ‘আমার আব্বা নদীতে ডুইবা মইরা গ্যাছে। কত খুঁজলাম, ভাইসা উঠল না। আপনেরা কি আমার আব্বারে দেখছিলেন?’শাহাদ ও তার ছোট ভাই ইউনুস (৬) তাদের নানি বীরাঙ্গনা শেখ ফাতেমা বেগমের সঙ্গে মানববন্ধনে যোগ দিতে এসেছিল।দুর্ঘটনার স্মৃতিচারণা করে শেখ ফাতেমা বেগম বলেন, ‘দুর্ঘটনার সময় শাহাদের বয়স ছিল ছয় বছর। দুর্ঘটনার পর শাহাদ তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে বাবার লাশের খোঁজে আসত সালেপুর সেতুর কাছে। পরিবারের সদস্যরা যখন নৌকা নিয়ে লাশ খুঁজে বেড়াতেন, শাহাদ তখন শুধু আব্বু আব্বু বলে চিৎকার করত।’আজও শাহাদের বাবার লাশ পাননি ফাতেমা। বললেন, ‘দুই শিশু যখন প্রশ্ন করে তাদের বাবার কবর কোথায়, আমরা জবাব দিতে পারি না।’সোসাইটি ফর রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের সভাপতি আবু ইউসুফ বলেন, ‘চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ সেতুর কারণেই ২০১০ সালের ১০ অক্টোবর বাসটি তুরাগ নদে পড়ে গিয়ে প্রাণ হারান কমপক্ষে ৩০ জন। এর মধ্যে মাত্র ১৩ জনের লাশ পাওয়া যায়।’ইউসুফ অভিযোগ করেন, যে সেতুর কারণে এত বড় দুর্ঘটনা, গত দুই বছরেও সেই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক।