সালেহ আহমদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমদের ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই মানববন্ধনে অংশ নেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রহমান পুরকায়স্থ, ভারপ্রাপ্ত সম্পাদক সাজিদুল হক, যুগান্তর-এর উপজেলা প্রতিনিধি এনামুল হক,আমার দেশ-এর প্রতিনিধি সাজেদুল হক, আমাদের সময়-এর মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি ইন্দ্র সরকার প্রমুখ। থানায় অভিযোগ দেওয়ার তিন দিন পরও সেটি মামলা হিসেবে নথিভুক্ত না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হন সালেহ আহমদ।