সালেহ রহমানের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মুহাম্মদ ত্বকী
তানভীর মুহাম্মদ ত্বকী

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সালেহ রহমান ওরফে সীমান্তর জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ২৪ জুন সালেহ রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে গতকাল রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
পরে শেখ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। সালেহ বর্তমানে কারাগারে আছেন। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় তিনি মুক্তি পাচ্ছেন না।
নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন। দুই দিন পর সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যা নদীর খালে তাঁর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ওই দিনই ত্বকীর বাবা থানায় মামলা করেন।
তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ওই বছরের ১৮ মার্চ তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ (বর্তমানে সাংসদ) সাতজনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেন। ওই সাতজনের মধ্যে সালেহর নামও ছিল। ওই বছরের ১৮ এপ্রিল সালেহকে গ্রেপ্তার করা হয়।