নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সালেহ রহমান ওরফে সীমান্তর জামিন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ২৪ জুন রুল জারির পাশাপাশি সালেহর ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ ২৬ জুন আপিল বিভাগে আবেদন করে। ওই দিন অবকাশকালীন চেম্বার বিচারপতি শুনানি নিয়ে ২ জুলাই (গতকাল) পর্যন্ত বিষয়টি মুলতবি রাখেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। সালেহর পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। পরে একরামুল হক প্রথম আলোকে বলেন, সালেহর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এ সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে। সালেহ কারাগারে আছেন। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় তিনি মুক্তি পাচ্ছেন না। আইনজীবী সূত্রগুলো জানায়, গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে জামিন মঞ্জুর করা সমীচীন হয়নি। এ বক্তব্যের বিরোধিতা করেন সালেহর আইনজীবী। নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ নিখোঁজ হন। ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যা নদীতে নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই ত্বকীর বাবা কারও নাম উল্লেখ না করে মামলা করেন। পরে তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ১৮ মার্চ পুলিশের কাছে অবগতিপত্র দেন। এতে সালেহর নামও ছিল। ১৮ এপ্রিল সালেহকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় রিমান্ডে নেয়। ১২ মে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সালেহর জামিন আবেদন খারিজ করেন। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। তানভীর হত্যায় জড়িত অভিযোগে পুলিশ রিফাত বিন ওসমান ও ইউসুফ হোসেন নামের আরও দুজনকে গ্রেপ্তার করে। বাদীর দেওয়া অবগতিপত্রে রিফাতের নামও ছিল। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর রিফাত ও ইউসুফ পুলিশকে তানভীর হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন। এ দুজনও বর্তমানে কারাগারে আছেন। সালেহ, রিফাত ও ইউসুফকে গ্রেপ্তারের পর রহস্যজনক কারণে এ মামলা তদন্তে পুলিশের তৎপরতা কার্যত থেমে যায়। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বাদী মামলার তদন্তকাজ র্যাবের কাছে হস্তান্তরের জন্য উচ্চ আদালতে রিট করেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করেছে পুলিশ।