সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী মূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, উন্নত চিকিৎসার ব্যয় বহন করার ক্ষমতা দেশের অনেক মানুষের নেই।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন সপ্তাহে একবার অথবা অন্তত মাসে একবার হলেও গ্রামের লোকদের চিকিৎসা দিতে নিজ নিজ গ্রামে যান। তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় চাহিদাভিত্তিক, তা মানুষের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

হৃদ্‌রোগকে বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, হৃদ্‌রোগের কারণে দিন দিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। এই রোগ সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষকে এই রোগ সম্পর্কে অবহিত করে হৃদ্‌রোগের প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআইয়ের সভাপতি অধ্যাপক আফজালুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান এবং বিএসসিআইয়ের মহাসচিব কায়সার নসরুল্লাহ খান।