সাহস ও শিল্পের সমন্বয়ক ছিলেন টিংকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর সাত্তার টিংকু ছিলেন সাহস ও শিল্পের এক অপূর্ব সমন্বয়ক। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাহাঙ্গীর সাত্তার টিংকুর নাগরিক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। নাগরিক শোকসভা কমিটি আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহ আলম। প্রধান অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। স্মরণসভায় টিংকুর রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও অনুসারীরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ছাত্র বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত টিংকু নির্যাতিত মানুষের কথা চিন্তা করেছেন।জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছাত্ররাজনীতি করেছেন। তাঁর রাজনীতি ও মানুষকে ভালোবাসার ক্ষমতা ছিল অতুলনীয়।’ প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীর সাত্তার টিংকু। এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ছাত্রনেতা টিংকু ১৯৮৯ সালে জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হন। স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল আলম বেদার, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জিয়াউদ্দিন, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক দাশ প্রমুখ।