
‘সাহস থাকলে’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে বলেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।আজ সোমবার রাজধানীর মহানগর
নাট্যমঞ্চে সূত্রাপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে মায়া এ মন্তব্য করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপির নেতারা বলেন তারেককে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কি তাঁরে বাইন্ধা রাখছি? সাহস থাকলে বাংলাদেশে ফিরে আইনের আশ্রয় নেন, আমরা আপনাকে ওয়েলকাম করি। অনেক ষড়যন্ত্র করেছেন। এখন বন্ধ করেন।’
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি (খালেদা জিয়া) যে বক্তব্য দেন, কোনো সুস্থ লোক এমন কথা বলতে পারে না। রাজপথে কিছুই করতে পারবেন না। রাজপথ আওয়ামী লীগের, জনগণের। আমরা রাজপথে আছি, ভোটের পথেও আছি।’
নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘বেগম জিয়া উসকানি দিয়ে মাঠে নামতে চান, জ্বালাও-পোড়াও করতে চান। আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আছি বলে উল্লাস করা যাবে না। সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যার কারণে মানুষ আমাদের ওপর অভিমান করতে পারে।’
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।