সাহস থাকলে পদত্যাগ করে এখনই জাতীয় নির্বাচন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির নেতারা বলেছেন, সাহস থাকলে পদত্যাগ করে এই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন দিন। তারা দাবি করেন, এতেই সরকারের ভরাডুবি নিশ্চিত। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা সরকারের প্রতি ওই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাঁরা বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন যেকোনো সময়ই তাদের পতন হবে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সভাপতির ভাষণে বলেন, ‘নির্বাচন দিয়ে প্রমাণ করুন জনগণ আপনাদের সঙ্গে আছে নাকি বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে? আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন দিয়ে দেখুন। আপনাদের ভরাডুবি নিশ্চিত।’তিনি আরও বলেন, ‘সারা দেশের মানুষ এখন গণতন্ত্র রক্ষার আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। জনতার এই রোষের সামনে কোনো সরকার টিকে থাকতে পারে না। এই সরকারও টিকবে না।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশ রক্ষায় খালেদা জিয়া আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং এতে তারেক রহমান এসে যোগ দেবেন। দুর্বার আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত হয়ে যাবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৩৯ বছর পর আজ দেশের ৪০ শতাংশ মানুষ দুই বেলা খেতে পায় না। গণতন্ত্রের মুখোশ পরে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করছে।’ মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতা-কর্মীদের সমালোচনা করেন। উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেওয়ার সময় এর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘এখানে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে দেখাচ্ছেন; অথচ রাজপথে আন্দোলনের সময় কাউকে খুঁজে পাই না।... পদ রক্ষা, কমিটি দখল, ব্যক্তি সম্পদ দখলে রাখার পাঁয়তারা বন্ধ করে রাজপথ দখলের চেষ্টা করেন।’ সভায় ৫০০-র বেশি নেতা-কর্মী যোগ দেন।