সাহস নিয়ে অপপ্রচার মোকাবিলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচারের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক থেকে তা সাহসের সঙ্গে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রবাসী শ্রমিকদের প্রতি বাংলাদেশের কূটনীতিকদের সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করতে বলেছেন।
দেশের চলমান পরিস্থিতিকে ‘হঠাৎ কালো মেঘ’ হিসেবে অভিহিত করে তা কেটে যাবে বলে আশাবাদী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে তিনি গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সংকট মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, অতীতে বাংলাদেশ যেভাবে দুর্যোগ মোকাবিলা করতে পেরেছে, হঠাৎ কালো মেঘের মতো আসা মানুষের সৃষ্ট দুর্যোগ কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।
শেখ হাসিনা বলেন, ‘নিজে নির্বাচন করবে না, অন্যকেও নির্বাচন করতে দেবে না। নির্বাচন যদি করতে না দেয়, তাহলে সেখানে কী আসবে? নিকট এক প্রতিবেশীর দেশে কী হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে আমরা দীর্ঘদিন এ ধরনের পরিবেশে, মার্শাল ল দ্বারা শাসিত হয়েছি। তাহলে কি আমরা সেই মিলিটারি ডিকটেটর, সেই অসাংবিধানিক ক্ষমতার পালাবদল, সেটাই কি হতে দেব? সেটা তো আমরা হতে দিতে পারি না।’ তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যমে যে ছবি উঠে আসছে, সেটাই বাংলাদেশের পুরো চিত্র নয়।
এক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জয়ের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, ৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশি, যাঁদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি বেগবান হচ্ছে, তাঁদের অবদান মনে রাখতে হবে। অর্থনীতিতে প্রবাসীদের অবদান অবহেলিত হওয়া উচিত নয়। কূটনীতিকদের প্রবাসীদের সমস্যার কথা ধৈর্যসহকারে শুনতে হবে এবং তার সমাধান করতে হবে। প্রবাসীদের সমস্যার সমাধানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রবাসীদের জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শ্লথ হয়ে গেছে। এ প্রক্রিয়া দ্রুততর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কূটনীতি হচ্ছে দলগত কাজ। এটি শুধু অন্য দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এ দায়িত্ব ব্যবসা-বাণিজ্যের খাতে সম্পর্কের উন্নয়ন এবং দেশের রপ্তানি ও অর্থনীতির সমৃদ্ধির জন্য বিনিয়োগ পর্যন্ত সম্প্রসারিত।