সাহসিকতার জন্য অটোরিকশাচালকের পরিবারকে সম্মাননা
রাঙামাটিতে পাহাড়ধসে নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক নবী হোসেনের পরিবারকে একটি অটোরিকশা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। গতকাল বুধবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে নবী হোসেনের ছেলে রুহুল আমিন ও মো. সুমনের হাতে অটোরিকশাটি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস খান।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ২০১২ সাল থেকে প্রতিবছর ‘ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড’ নামে অসীম সাহসিকতার সম্মাননা দিয়ে আসছে। এ বছর নবী হোসেনকে সাহসিকতার সম্মাননার (মরণোত্তর) জন্য মনোনীত করা হয়।
গত ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধস শুরু হলে নবী হোসেন মসজিদের মাইকে স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে
সরে যেতে মাইকিং করেছিলেন। এরপর নিজেও ঘরে গিয়ে পরিবার-পরিজনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তখন পাশের পাহাড়টি ধসে তাঁর স্ত্রীসহ চারজন ঘটনাস্থলে মারা যান। আহত নবী হোসেন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।