সাহসিকতার জন্য কনস্টেবল মনিরকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের পানিতে ডুবতে বসা শিশুকে জীবিত উদ্ধার করার ঘটনায় সাহসিকতার জন্য ট্রাফিক পুলিশের কনস্টেবল মনির হোসেনকে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফার্স্ট অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. আরিফুল হক প্রমুখ।
গত ৩০ আগস্ট কলার খোসায় পা পিছলে চট্টগ্রাম নগরের মহেশখালে পড়ে যায় আট বছরের শিশু সাজ্জাদ হোসেন। খালের পাশে লোকজন ভিড় করলেও কেউ শিশুটিকে উদ্ধার করতে পানিতে নামেনি। দূর থেকে এ দৃশ্য দেখে মনির হোসেন খালে ঝাঁপিয়ে পড়ে সাজ্জাদকে উদ্ধার করেন। এ কাজের জন্য ১ সেপ্টেম্বর তাঁকে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করে চট্টগ্রাম নগর পুলিশ।