বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, পৃথিবীর যেকোনো দেশেই সন্ত্রাস দমনের কাজটি খুবই কঠিন। কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও সাহসিকতার সঙ্গে সন্ত্রাসবাদকে সামাল দিচ্ছে।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জে নগর ভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। নগর ভবন পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওবায়দুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব প্রমুখ।
মার্শা বার্নিকাট সাংবাদিকদের আরও বলেন, ‘আমি মনে করি, জঙ্গিবাদ দমন হয়ে গেছে এটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের সব সময় সাবধান ও সতর্ক থাকতে হবে এবং সবকিছুতে নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মেয়র আইভী জঙ্গিবাদ দমনে কীভাবে জনসচেতনতা সৃষ্টি করছেন, তা দেখার জন্য এখানে এসেছি। এটি সারপ্রাইজড ভিজিট হলেও নারায়ণগঞ্জের মেয়রের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে।’
এ সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, মার্কিন রাষ্ট্রদূত এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন।