নৈতিক ও সাহসী সাংবাদিকতা দমনে ক্ষমতাসীন দল বা প্রভাবশালী গোষ্ঠীর চেষ্টা নতুন কিছু নয়। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে দমনের নতুন কৌশল। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর খোদ যুক্তরাষ্ট্রে গণমাধ্যম যে বিরূপ আচরণের শিকার হচ্ছে, তা বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতার জন্য নতুন হতাশার। তবে সত্য প্রকাশে অবিচল থাকলে শেষ বিচারে সাহসী সাংবাদিকতারই জয় হবে।
যুক্তরাজ্যের লন্ডনে ‘কমনওয়েলথ এবং দক্ষিণ এশিয়ার মুক্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বিশিষ্ট ব্যক্তিদের আলোচনার মূল বার্তা ছিল এটাই। ইউনিভার্সিটি অব লন্ডনের ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজ (আইসিএস) গত বুধবার এ সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবাধ সাংবাদিকতার সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) নির্বাহী পরিচালক ভারতীয় সাংবাদিক সঞ্জয় হাজারিকা, পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার কলাম লেখক আফতাব সিদ্দিকী ও আইসিএসের গবেষক ডেভিড পেইজ। সেমিনারে সভাপতিত্ব করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ইমেরিটাস প্রেসিডেন্ট রিতা পেইন।
সূচনা বক্তব্যে রিতা পেইন দেশে দেশে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর আক্রমণের চিত্র তুলে ধরে বলেন, সত্য প্রকাশ থেকে বিরত রাখতে সাংবাদিকদের পরিবার কিংবা স্বজনদেরও ক্ষতি করার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে।
সেমিনারে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের হয়রানি ও চাপের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরার অনুরোধ ছিল সম্পাদক মাহ্ফুজ আনামের প্রতি। কিন্তু সে অভিজ্ঞতার পুনরাবৃত্তি তাঁর জন্য বিরক্তিকর মন্তব্য করে তিনি বলেন, সত্য ও সাহসী সাংবাদিকতার শত্রু সব সময়ই ছিল ও থাকবে। সঞ্জয় হাজারিকা ভারতে সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর বাস্তবতা হচ্ছে, এসব দেশে অবাধ ও স্বাধীন গণমাধ্যমের রক্ষায় উৎকৃষ্ট অঙ্গীকার থাকলেও ক্ষমতাসীনেরা তা মানেন না। তিনি বলেন, গণমাধ্যমকে রাজনীতিকরণের পাশাপাশি কোনো কোনো সংবাদ মাধ্যমের ক্ষমতাসীনদের আনুকূল্য পাওয়ার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।
আফতাব সিদ্দিকী বলেন, পাকিস্তানে গণমাধ্যমের ওপর সরকারি চাপের চেয়ে বিভিন্ন উগ্র গোষ্ঠীর চাপই বেশি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের সহযোগিতার ওপর জোর দেন তিনি। আইসিএসের গবেষক ডেভিড পেইজ শ্রীলঙ্কায় স্বাধীন গণমাধ্যমের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, ২০১৫ সালে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বেশ কিছু আইনি সংস্কার হয়েছে।