সাহসী সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত আবদুস সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সালামে
আবদুস সালামে

সাহস, দেশপ্রেম ও প্রজ্ঞার সমন্বয়ে সাংবাদিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছেন প্রয়াত সাংবাদিক আবদুস সালাম। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস লিখলে তাঁকে বাদ দিয়ে সম্ভব নয়। বর্তমান সময়ে তাঁর মতো নির্লোভ মানুষের প্রয়োজন খুব বেশি।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আবদুস সালামের ১০৪তম জন্মদিন উপলক্ষে আলোচনায় সভায় বক্তার এসব কথা বলেন। আবদুস সালাম স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে এ আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশের সাংবাদিকরা নানা কারণে বিভক্ত। এ সুযোগে সরকার গণমাধ্যমের ওপর নীতিমালা চাপিয়ে দিচ্ছে।

পাকিস্তান আমলেও দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আবদুস সালামের প্রচেষ্টার কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, তাঁর (আবদুস সালাম) মতো সাংবাদিক থাকলে সরকারের বিরুদ্ধে এ বিষয়ে আরও দৃঢ়তা নিয়ে কথা বলতেন।

এ প্রসঙ্গে সরকারের বিরোধিতা করার কারণে একাধিকবার আবদুস সালামকে কারাগারে যেতে হয়েছে বলে উল্লেখ করেন সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আমাদের সমাজে ভালো দৃষ্টান্ত খুবই কম। কিন্তু সাহসী সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক আমানুল্লাহ কবীর, ফেরদৌস আহমেদ কোরেশী, কাজী রফিক, সেলিম জাহিদ, বিএনপির সাবেক নেতা আখতারুজ্জামান, বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, আবদুস সালামের মেয়ে সেতারা মুসা, রেহানা সালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, আবদুস সালামের মতো প্রথিতযশা সাংবাদিকের স্মরণসভা পরিবারের উদ্যোগে করতে হয়। সাংবাদিক নেতা ও সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না। আবদুস সালামের স্মরণে রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়কটি এবং তাঁর জন্মস্থান ফেনীর একটি সড়ক তাঁর নামে করার দাবি জানানো হয় অনুষ্ঠানে।