প্রয়াত সাংবাদিক আবদুস সালামের ১০৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাহস, দেশপ্রেম ও প্রজ্ঞার সমন্বয়ে সাংবাদিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছেন আবদুস সালাম। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস লিখলে তাঁকে বাদ দিয়ে সম্ভব নয়। বর্তমান সময়ে তাঁর মতো নির্লোভ মানুষের প্রয়োজন খুব বেশি।
গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে আবদুস সালাম স্মৃতি সংসদ। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে দেশের সাংবাদিকেরা নানা কারণে বিভক্ত। এ সুযোগে সরকার গণমাধ্যমের ওপর নীতিমালা চাপিয়ে দিচ্ছে। পাকিস্তান আমলে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আবদুস সালামের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর (আবদুস সালাম) মতো সাংবাদিক থাকলে সরকারের বিরুদ্ধে এ বিষয়ে আরও দৃঢ়তা নিয়ে কথা বলতেন।
ওই সময়ে সরকারের বিরোধিতা করার কারণে একাধিকবার আবদুস সালামকে কারাগারে যেতে হয়েছে উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের সমাজে ভালো দৃষ্টান্ত খুবই কম। কিন্তু সাহসী সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক আমানুল্লাহ কবীর, ফেরদৌস আহমদ কোরেশী, কাজী রফিক, সেলিম জাহিদ, আবদুস সালামের মেয়ে সেতারা মুসা, রেহানা সালাম, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) আকতারুজ্জামান, বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ।
সভায় বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, আবদুস সালামের মতো প্রথিতযশা সাংবাদিকের স্মরণসভা পরিবারের উদ্যোগে করতে হয়।
সভায় আবদুস সালামের স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কটি এবং তাঁর জন্মস্থান ফেনীর একটি সড়ক তাঁর নামে নামকরণ করার দাবি জানানো হয়।