সাহসী সাত নারীর জীবনালেখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দেশের সাতজন নারী অধিকারকর্মীর জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা সেভেন নাটকটি গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হয়। এতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ডেনমার্ক, ভুটান, নরওয়ে ও ব্রাজিলের রাষ্ট্রদূতেরা এবং অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি অভিনয় করেন l হাসান রাজা
সাত দেশের সাতজন নারী অধিকারকর্মীর জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা সেভেন নাটকটি গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হয়। এতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ডেনমার্ক, ভুটান, নরওয়ে ও ব্রাজিলের রাষ্ট্রদূতেরা এবং অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি অভিনয় করেন l হাসান রাজা

বিশ্বের নানা প্রান্তে নারীদের সব ধরনের নিপীড়ন ও বৈষম্য বিলোপের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। নারী অধিকার রক্ষার সংগ্রামে নারীর পাশে দাঁড়াতে হবে পুরুষকেও। আর এ আন্দোলনের শুরুটা হতে হবে ব্যক্তিজীবন থেকে।
বিশ্বের সাতটি দেশের সাহসী সাত নারীর জীবনালেখ্য নিয়ে রচিত নাটক সেভেন মঞ্চায়নের পর বক্তারা এসব মন্তব্য করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হয়েছে রাজধানীর ছায়ানট মিলনায়তনে। ইউএন উইমেন নাটকটি মঞ্চায়নের আয়োজন করে।
নাটকটিতে নাইজেরিয়ার মানবাধিকারকর্মী হাফসাত আবিওলার চরিত্রে ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগ্ল এসকেয়ার, কম্বোডিয়ার সাবেক মন্ত্রী মু সোচুয়ার চরিত্রে ভুটানের রাষ্ট্রদূত পেমা ছোডেন, গুয়াতেমালার সাবেক কংগ্রেস সদস্য আনাবেলা ডি লিওনের চরিত্রে নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুনডেমো, উত্তর আয়ারল্যান্ডের মানবাধিকারকর্মী আইনেজ ম্যাককরম্যাকের চরিত্রে একশনএইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবীর, আফগানিস্তানের মানবাধিকারকর্মী ফরিদা আজিজির চরিত্রে বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্সের সভাপতি রোকিয়া রহমান, রাশিয়ার নারী আন্দোলনের কর্মী মারিনা পিসক্লাকোভা পার্কারের চরিত্রে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং পাকিস্তানের প্রতিবাদী নারী ও শিক্ষা আন্দোলনের কর্মী মুখতার মাইয়ের চরিত্রে ব্রাজিলের রাষ্ট্রদূত ক্যাম্পোস ডা নোবরেগা অভিনয় করেন।
সুইডেনের নাট্যকার ও প্রযোজক হিডা ক্রাউসজ সোগরেন দ্য ন্যাশনাল টুরিং থিয়েটার ও দ্য সুইডিশ ইনস্টিটিউটের সহায়তায় নাটকটির মঞ্চায়ন ধারণা তৈরি করেছেন। নাটকটি যৌথভাবে লিখেছেন পলা সিজমার, ক্যাথরিন ফিলু, গেইল ক্রেইগেল, ক্যারল কে ম্যাক, রুথ মারগার্ফ, আনা ডিভার স্মিথ ও সুজান ইয়াংকোভিৎজ। গত বছর ঢাকায় প্রথম মঞ্চস্থ হয় সেভেন। প্রথম মঞ্চায়নে অংশ নিয়েছিলেন সাত রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তারা।
নাটকটি ২০০৮ সালের ২১ জানুয়ারি নিউইয়র্কে প্রথম মঞ্চস্থ হয়। সারা বিশ্বে এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৬০০ নারী-পুরুষ নাটকটি উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আফগানিস্তান, সার্বিয়া, রাশিয়া, তুরস্কসহ বিশ্বের ৩২টি দেশে মঞ্চস্থ হয়েছে নাটকটি। ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষায়ও নাটকটি অনূদিত হতে যাচ্ছে।