সাহসী সুমনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ১৩ বছর বয়সী মেয়ে বিয়ে করতে রাজি ছিল না। মা-বাবার কাছে কাকুতি-মিনতি করেও কোনো কাজ হচ্ছিল না। অবশেষে মেয়েটি থানায় গিয়ে আবেদন করলে এ বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। এভাবে সাহসের সঙ্গে লড়াই করে বিয়ে বন্ধ করে দিয়েছে যে কিশোরী, তার নাম সুমনা আক্তার। তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর গ্রামে। সে উপজেলার আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত রোববার সদর উপজেলার উত্তম ইউনিয়নের বেতারপাড়া এলাকার খায়রুল ইসলামের ছেলে মতিয়ার রহমানের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।সুমনা আক্তার জানায়, বিয়ে ঠিক হলেও প্রতিদিনের মতো সে গত শনিবারও বিদ্যালয়ে যায়। বাল্যবিবাহের বিষয়টি সে তার সহপাঠীদের জানায়। বিকেলে বিদ্যালয় ছুটির পর কয়েকজন সহপাঠীকে নিয়ে সে গঙ্গাচড়া থানায় যায়।পুলিশ জানায়, জোর করে তার মা-বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। সে পুলিশের কাছে এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য আইনি সহায়তা চেয়েছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, রোববার ওই কিশোরীর বাবাকে মুঠোফোনে এ বিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। সেখানে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য পুলিশও পাঠানো হয়। অবশেষে বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়। মেয়েটির বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ। ছেলে পাওয়া কষ্টকর ব্যাপার। তাই এ বিয়ের আয়োজন করেছিলাম।’ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ বলেন, বাল্যবিবাহ বন্ধ করার জন্য সুমনার মতো সাহস করে যেন অন্য মেয়েরাও এগিয়ে আসে।