সাহসী সৎ সত্যবাদী মানুষের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু ঘনিষ্ঠজন, স্বজন-সুহূদ ও সহকর্মীদের অনাড়ম্বর সমাবেশ। সামান্য বৃষ্টির পর মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হলেও একটা মনমরা ভাব থেকেই গেল শেষ বিকেলে। সমবেত জনদের মনেও তাঁর অনুপস্থিতিজনিত শূন্যতা বিষাদের ছায়া ঘনিয়ে তুলেছিল। তিনি মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। গতকাল সোমবার ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটিতে তাঁকে স্মরণ করতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এই সমাবেশ।অনুষ্ঠানের সূচনা করেছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠের মাধ্যমে। তারপর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন চৌধুরীর কর্মময় জীবনের মূল্যায়ন ও স্মৃতিচারণা করে আলোচনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান, সাবেক উপদেষ্টা ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ইংরেজি পত্রিকা ডেইলি ইন্ডিপেনডেন্ট সম্পাদক ও সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম ও মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী।অনুষ্ঠানের সঞ্চালনা করতে গিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জেনারেল মইনুল হোসেন চৌধুরী সম্পর্কে বলেন, ‘তিনি ছিলেন স্পষ্টবাদী। নির্ভয়ে নিষ্ঠুর সত্য বলতেন। এতে অনেকের সমালোচনার পাত্রে পরিণত হয়েছিলেন, কিন্তু এই সত্যবাদিতার জন্যই তিনি আমাদের প্রিয় হয়ে উঠেছিলেন।’একটি ঘটনার উল্লেখ করে মতিউর রহমান শ্রোতাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শেষ কর্মদিবসে জেনারেল মইন সচিবালয় থেকে ফিরছিলেন। লিফট চালক তাঁকে নামিয়ে দিয়ে বিদায় জানাতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেন। আক্ষেপ, তাঁর মতো মানুষের সাহচর্য আর পাবেন না ওই লিফট চালক!’ এই ঘটনার উল্লেখ স্মরণসভায় উপস্থিত প্রয়াতের সাহচর্যবঞ্চিত সুহূদদেরও যেন স্পর্শ করে যায়।আলোচনায় আজিজুর রহমান ভাবাবেগে আপ্লুত হয়ে বলেন, ‘মনে হচ্ছে জেনারেল মইনের আত্মা এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে।’ তিনি জেনারেল মইনের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার স্মৃতিসহ, বিশেষ করে ১৯ মার্চ জয়দেবপুরের সেনা বিদ্রোহে তাঁর (মইনের) অসীম সাহসিকতাপূর্ণ নেতৃত্বের সবিস্তার বর্ণনা দেন। বলেছেন, ‘স্পষ্টবাদী হওয়ায় সেনাবাহিনীতে কোনো কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা হয়তো তাঁকে পছন্দ করতেন না। কিন্তু জেনারেল মইন ব্যক্তিস্বার্থের জন্য তাঁর বিশ্বাস ও নীতি থেকে বিন্দুমাত্র সরেননি কখনো। এমন দৃঢ়চেতা, সাহসী ও সৎ মানুষের কদর হয়নি এ দেশে। এই দুঃখ আমাদের যাবে না। আশা করি আগামীতে তাঁর মতো গুণী মানুষের মূল্যায়ন হবে।’এম হাফিজউদ্দিন বলেন, ‘তাঁর (জেনারেল মইন) সততার একটি দিকের উল্লেখ করব। যাঁরা বিদেশে দূতাবাসে চাকরি করেন, সাধারণত অবসরের পর তাঁদের পেনশন সহজে হয় না। কারণ, খরচপত্র নিয়ে অনেক নিরীক্ষা (অডিট) আপত্তি থাকে। কিন্তু আমার অডিটর জেনারেলের জীবনে এই একটি মানুষকেই পেয়েছি, দীর্ঘদিন বিদেশে রাষ্ট্রদূতের চাকরি করার পরেও অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পেনশন হয়ে গেছে। কারণ, তাঁর বিরুদ্ধে একটিও অডিট আপত্তি ছিল না। এটা ব্যক্তিগত সততার একটি বিরল নিদর্শন।’আবুল হাসান চৌধুরী বলেন, ‘জেনারেল মইন ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে বন্ধুবৎসল, পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল, চিন্তার ক্ষেত্রে স্বচ্ছ মুক্ত মনের মানুষ। তাঁর ভেতরে সব সময় অনুসন্ধিৎসা কাজ করেছে। ঘটনা ও পরিপ্রেক্ষিতকে দলমতের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণের ক্ষমতা ছিল তাঁর। ফলে তাঁর আলোচনাগুলো গভীর ও গুরুত্বপূর্ণ হয়ে উঠত। সেনাপ্রধান না হতে পারায় তাঁর মনে খেদ ছিল, কিন্তু আমরা যাঁরা তাঁর সাহচর্য পেয়েছি, তাঁদের মনে সেই আক্ষেপ আরও বেশি।’মাহবুবুল আলম বলেন, যে স্বপ্ন নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, স্বাধীনের পর তাঁর সেই স্বপ্ন মলিন হয়ে এসেছিল। দেশ সেই সমৃদ্ধির পথে গেল না। স্বপ্নভঙ্গের বেদনা তাঁকে আজীবন পীড়িত করেছে। তিনি বলেন, ‘সবাই সব কথা বলে না, কিন্তু জেনারেল মইন প্রয়োজনীয় কথাটি স্পষ্ট করে বলতেন। আমরা তাঁর সাহচর্যের অভাব বোধ করি।’আমীন আহম্মদ চৌধুরী বলেন, ‘শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন তিনি। মনে করতেন দক্ষ পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার জন্য কঠোর শৃঙ্খলার পাশাপাশি রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তিনি ছিলেন অতি উন্নত মানের সৈনিক, সজ্জন ব্যক্তি, সৎ ও সাহসী মানুষ। এমন মানুষের অভাব বেদনাদায়ক। সেই বেদনা নিয়েই তাঁকে আমরা স্মরণ করি।’সভাপতি কে এম সফিউল্লাহ মুক্তিযুদ্ধে জেনারেল মইনের মূল্যায়ন করে বলেন, ‘স্বাধীনতার পরে অনেক মুক্তিযোদ্ধা অফিসারের মধ্যে একে অন্যকে টপকে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। মইন সে ধরনের মানুষ ছিলেন না। তিনি ভাবতেন, তাঁর যা ন্যায্য পাওনা, তা যোগ্যতা অনুসারেই পাবেন। কিন্তু তাঁকে সেনাপ্রধান না করায় তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাটি খারিজ হয়েছে। এর আগে আমার কাছে পরামর্শের জন্য এসেছিলেন। আমি বলেছিলাম, সেনাপ্রধান পদটি রাজনৈতিক নিয়োগ। সরকার যেহেতু নিয়োগ দেয়নি, সেহেতু মামলায় জেতার সম্ভাবনা নেই। মইনও তা জানতেন। তাই বলেছিলেন, “আমি আমার ন্যায্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হলাম এবং তার প্রতিবাদ করলাম। এটি যাতে উল্লেখ থাকে, সেই কারণেই মামলা করব”।’ এ রকমই চারিত্রিক দৃঢ়তা ছিল জেনারেল মইনের। দৃঢ়চেতা মানুষেরা চলে গেলেও তাঁরা প্রেরণা হয়ে থাকেন জীবিত উত্তর প্রজন্মের কাছে। স্মরণসভায় এমন ভাবনাই প্রকাশ করছেন তাঁকে শ্রদ্ধা জানাতে আসা সুহূদেরা।