সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে

সন্ধ্যা হতে না হতে হাজির মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানুষ। তাঁদের পদচারণে মুখর নগরের বীরচন্দ্র নগর (টাউন হল) মিলনায়তন। প্রথম আলোর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তিতে সুধী সমাবেশ উপলক্ষে একসঙ্গে হয়েছিলেন তাঁরা।
সুধী সমাবেশের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। তাঁর বক্তব্যের পর ‘আশা আছে’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থিত সুধীদের দেখানো হয়। এরপর শুরু হয় অতিথিদের বক্তৃতার পালা।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে প্রথম আলো ইতিহাস সৃষ্টি করছে। বাংলাদেশের গণতন্ত্রকে বেগবান করার জন্য প্রথম আলোর সাহসী ও বুদ্ধিদীপ্ত প্রতিবেদন বেশ সাড়া জোগাচ্ছে। রক্তচক্ষুকে ভয় না পেয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে প্রথম আলোকে দাঁড়িয়ে থাকতেহবে। প্রথম আলো না থাকলে দেশে গণতন্ত্র চর্চা ব্যাহত হবে।
অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, সামনে নির্বাচন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তফসিল ঘোষণা হলে একটা অস্থিরতা তৈরি হবে। এমন অবস্থা এ দেশের মুক্তিকামী জনতা চায় না। বায়ান্ন, উনসত্তর, একাত্তর ও নব্বই সালে তরুণেরা প্রমাণ করেছে, এ জাতি এগিয়ে যাচ্ছে। যুবকেরাই পারে দেশকে এগিয়ে নিতে। তারা পথ হারায়নি। এবারও পথ হারাবে না।
সাজ্জাদ শরিফ আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন হতো। প্রথম আলো শুরু থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আশা নিয়েই প্রথম আলো এগিয়ে যাচ্ছে।
পরে প্রথম আলোর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত তিনটি বিজ্ঞাপনচিত্র প্রদর্শিত হয়। ওই বিজ্ঞাপন সুধী মহলে ব্যাপক প্রশংসিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের মাধ্যমে প্রথম আলোর নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কুন্ডু গোপীদাস, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাসেম মিয়া, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, বর্তমান অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান, জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা সভাপতি মমিনুল হক চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক শান্তনু কায়সার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লার অতিরিক্ত সরকারি কৌঁসুলি গোলাম ফারুক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুস সাদাত, জেলা বিএমএর সভাপতি গোলাম মহিউদ্দিন, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আরফানুল হক, উন্নয়নকর্মী লোকমান হাকিম, নারীনেত্রী দিলনাশি মোহসেন, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার যুগ্ম আহ্বায়ক আলী আকবর, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আশিক অমিতাভ ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আহমেদ শোয়েব সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।