১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত চোরাচালান মামলায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক মহাব্যবস্থাপক মহসীন তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার শুনানির পর চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন।একই আদালত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনের জামিন আবেদন নাকচ করেন। সাহাবউদ্দিন তাঁর সুচিকিৎসা ও স্ত্রী-কন্যার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য আরও দুটি আবেদন করেন।আদালত সূত্র জানায়, সিইউএফএলের জেটি ঘাটে কার নির্দেশে ক্রেন ও ট্রাক আনা হয়েছে, তা জানতে সিআইডি মহসীন তালুকদারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর আগে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বিষয়টি এড়িয়ে যান। ফলে সংরক্ষিত এলাকায় ক্রেন ও ট্রাক আনার বিষয়টি এখনো জানা যায়নি। তাই মহসীন তালুকদারকে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি।আদালত সূত্র জানায়, উইং কমান্ডার সাহাব হূদরোগে আক্রান্ত বলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা স্কয়ার হাসপাতালে চিকিৎসার আবেদন করেন। একই আদালতে তিনি স্ত্রী-কন্যার সঙ্গে একান্তে কথা বলতে আরও একটি আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে তাঁর চিকিৎসার নির্দেশ ও সহকারী পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে এক ঘণ্টা একান্তে স্ত্রী-কন্যার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার আদেশ দেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত উইং কমান্ডার সাহাব আমার সরকারি কার্যালয়ের একটি কক্ষে স্ত্রী ও কন্যার সঙ্গে একান্তে পারিবারিক আলাপ সেরে নেন। এ সময় আমার কার্যালয় নিরাপত্তাবেষ্টিত ছিল।’২০০৯ সালের ২ মে রাতে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে সাহাবকে সিআইডি গ্রেপ্তার করে। ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় তিনি দুই দফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আদালতে জবানবন্দি দেন।