সাহাবের জামিনের আবেদন, শুনানি ১৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন গতকাল মঙ্গলবার জামিনের আবেদন করেছেন। আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, সাহাবউদ্দিনের কৌঁসুলিরা গতকাল চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে জামিন আবেদন দাখিল করেন। আদালত তা গ্রহণ করে ১৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। ২০০৯ সালের ২ মে রাতে ঢাকার গ্রিন রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দশ ট্রাক অস্ত্র আটক মামলায় তিনি দুই দফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র খালাসের সময় ধরা পড়ে। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে একাধিক আসামির জবানবন্দিতে বেরিয়ে এসেছে। এনএসআইয়ের কিছু কর্মকর্তার তত্ত্বাবধানে অস্ত্রগুলো খালাস হচ্ছিল।