দাতাদের কাছ থেকে অর্থ পেতে দেরি হলে দেশীয় অর্থ দিয়েই আগামী বছরের মার্চে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে বলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে জানান। যোগাযোগমন্ত্রী বলেন, বিদেশি অর্থের জোগান পেতে বিলম্ব হলে দেশীয় অর্থে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির প্রস্তাব বিবেচনার জন্য মন্ত্রী হিসেবে আমি বিষয়টি সরকারের সর্বোচ্চ নীতি-নির্ধারক মহলকে জানাব।গতকালের বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সংবাদ ব্রিফিংয়ে জানান, পদ্মা সেতুর প্রাক্-ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগ্যতায় ঘাটতি এবং এ বিষয়ে বিশ্বব্যাংকের আপত্তির কারণে ওই প্রতিষ্ঠানের দরপত্র বাতিল করা হয়েছে। তা সত্ত্বেও পদ্মা সেতুর নির্মাণকাজ আগামী মার্চে শুরু হবে। যোগাযোগমন্ত্রী কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০১৩ সালের মধ্যেই এই সেতুর নির্মাণকাজ শেষ হবে। শেখ মুজিব জানান, পত্র-পত্রিকার সংবাদের ওপর ভিত্তি করে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী এবং সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী শামসুল আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এই অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করবে।একই বিষয়ে ব্রিফিংয়ে কমিটির সদস্য অপু উকিল বলেন, কমিটি দুই কর্মকর্তার দুর্নীতি তদন্ত করতে চেয়েছে। কিন্তু মন্ত্রী বলেছেন তদন্তকাজটা তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে করে কমিটিকে অবহিত করবেন। কমিটি মন্ত্রণালয়ের তদন্তে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রীকে জানাবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য জিল্লুল হাকিম, ওমর ফারুক চৌধুরী ও গোলাম মাওলা রনি।