সাহায্যপ্রার্থী না জঙ্গি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে ছালাতুর রহমান স্টেলিন (৫০) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জঙ্গি সন্দেহে আটক করা হলেও বিভিন্ন সময় ক্যাম্পাসে তাঁকে সাহায্য প্রার্থী হিসেবে অর্থ সংগ্রহ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছালাতুর রহমান কথা বলেন ইংরেজিতে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করছিলেন। বিকেলের দিকে তিনি উপরেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-১) আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে সাহায্য চান। সেখানে ‘ইরাক-সিরিয়া-আফগান জঙ্গি’ সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করেন উপরেজিস্ট্রার। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী প্রথম আলোকে বলেন, ছালাতুর রহমান সাত-আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অর্থ সাহায্য নিতে আসেন। তিনি খুব নিয়মিত আসেন না। বছরে দু-তিনবার আসেন। কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন।
উপরেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, তাঁকে (ছালাতুর রহমান) বিনা মূল্যে চিকিৎসার কথা বললে তিনি জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হন। এতে তাঁর সন্দেহ হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, প্রশাসনের অনুমতিতে তাঁকে (ছালাতুর) পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ছালাতুর রহমান থানায় আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।