সাহায্যের আশায় না থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ৭০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। ঝুঁকি মোকাবিলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ধনী দেশগুলো দায়ী। অথচ, এসব দেশ নানাভাবে তাদের দায় এড়িয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অনুন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা সেই প্রতিশ্রুতি রাখছে না। মন্ত্রী বলেন, সরকার একদিকে সুন্দরবনে বনাঞ্চল তৈরির কাজ করছে, অন্যদিকে নির্বিচারে বন উজাড় করা হচ্ছে। লোভ ও দেশপ্রেমের অভাবের কারণেই এ কাজ হচ্ছে। কোনো ধরনের দায়িত্ববোধ যাদের নেই, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রধান ঝুঁকিপূর্ণ দেশ বলা হয়। এটা আমাদেরই বহন করতে হবে। বায়ু, পরিবেশ, কৃষিতে পরিবর্তন আনতে হবে। ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগ নিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমরা নেতৃত্ব দিতে পারব।’ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে এমন কাজ না করতে বলা হলে উন্নত দেশগুলো বলে, উন্নয়নের স্বার্থে তা করা সম্ভব নয়। বাংলাদেশে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সোচ্চার হতে হবে।