সাহায্যের আশায় ধুনটে বানভাসি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্গত লোকজন কোনোমতে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে মাঠে। ছবিটি গতকাল বেলা ১১টায় উপজেলার বৈশাখীর চর থেকে তোলা l প্রথম আলো
ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্গত লোকজন কোনোমতে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে মাঠে। ছবিটি গতকাল বেলা ১১টায় উপজেলার বৈশাখীর চর থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার ধুনটে যমুনা নদীর পূর্ব পাশের দুর্গম চর বৈশাখী ও রাধানগর। সেখানে পানিবন্দী হয়ে আছে ৫০০ পরিবার। তাদের ঘরে খাবার নেই, নলকূপ ডুবে গেছে। বন্যার পানিতে ভিজে গেছে চুলা।
সরেজমিনে গতকাল শুক্রবার সকালে চর দুটি ঘুরে দেখা যায়, কয় দিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে যমুনার পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বৈশাখী ও রাধানগর চর দুটির প্রায় ৫০০ পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে ছয় দিন ধরে পানিবন্দী রয়েছে তারা। এসব পরিবার এমনিতেই অভাবী। যমুনার মাছ ও চরের কাশ বিক্রি করে জীবন চলে তাদের। এখন খাবারও জুটছে না তাদের। এ ছাড়া নদীর পশ্চিম পাশে শহড়াবাড়ী, শিমুলবাড়ি, পুকুরিয়া, ভুতবাড়ি, আটারচর, বানিয়াযান বথুয়ারভিটাসহ নয়টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত হয়ে বন্ধ হয়ে গেছে।
বৈশাখী চরে পানিবন্দী সুফিয়া বেগম বলেন, ‘সাত দিন ধইরা পানির মধ্যে পইড়া আছি। কেউ আমাইগরে খোঁজ নিতেও আইল না। গ্রামের চেয়ারম্যান-মেম্বারও কথা কইল না। ঘরে যা খাবার আছিল তাও ফুইরা গ্যাছে।’
রাধানগর চরের আজাহার আলী (৬০) বলেন, নিজের জমি নেই। যা ছিল তা প্রায় ১০ বছর আগে নদীতে গেছে। তার দুই ছেলে এত দিন চরের ঘাস ও কাশ কেটে তা বাজারে বিক্রি সংসার চালাত। এখন বন্যায় সব চর ডুবে গেছে। তাই রোজগারের পথও বন্ধ।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, বানভাসিদের তালিকা বানিয়ে ১০ কেজি করে ৩০ মেট্রিক ট্রেন চাল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য চাহিদাপত্র প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। অতিরিক্ত পানি বাড়ায় বাঁধও এখন হুমকির মুখে।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাইবো) সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, যমুনা নদীর পানি গতকাল দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ধুনট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, গতকাল সকালে বানভাসি পরিবারগুলোর মধ্যে ৩০ মেট্রিক ট্রেন চাল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।