পঞ্চগড়ের নজরুল পাঠাগারে গত রোববার সন্ধ্যায় বসেছিল এক সাহিত্য আড্ডা। চলেছিল গভীর রাত পর্যন্ত। এতে শুধু সাহিত্য নয়, শিল্প-সংস্কৃতির নানা দিকও আলোচনায় উঠে আসে। পঞ্চগড়ের তরুণ কবি, নাট্যকর্মী, শিল্পী ও সাহিত্যকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ভোরের কাগজ ও বাংলা ট্রিবিউন-এর সাহিত্য সম্পাদক জাহিদ সোহাগ, গল্পকার হামিম কামরুল হক, কবি ও গীতিকার আসাদ আহম্মেদ। আলোচনায় অংশ নেন পঞ্চগড়ে বসবাসকারী গল্পকার শফিকুল ইসলাম, আবু হাজ্জাজ, কবি শাহজামাল সরকার প্রমুখ। বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ তুলে ধরে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক কবি শামীম রেজা। আলোচনার শুরুতে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। গান শোনান রইসউদ্দিন ও মানিক বাউল। বাংলাদেশ প্রতিদিন-এর পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দারের সঞ্চালনায় সাহিত্য আড্ডাটি আয়োজন করেছিল নাট্য সংগঠন কারিগর।