সাহিত্য আসর ঘিরে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দুয়ায় গত শনিবার ‘চর্চা সাহিত্য আড্ডা’ আয়োজিত অনুষ্ঠান বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী l ছবি: প্রথম আলো
কেন্দুয়ায় গত শনিবার ‘চর্চা সাহিত্য আড্ডা’ আয়োজিত অনুষ্ঠান বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী l ছবি: প্রথম আলো

নানা আয়োজনের মধ্য দিয়ে গত শনিবার নেত্রকোনার কেন্দুয়ায় শততম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, ছড়া-কবিতা পাঠ, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি ও সাহিত্যিকেরা অংশ নেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে চর্চা সাহিত্য আড্ডা। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মহূয়া মমতাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী কবি রহমান জীবন।
স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শিশুসাহিত্যিক মো. ফারুক হোসেন, বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল মল্লিক, ছড়াকার জাহাঙ্গীর আলম, কবি রইস মনোরম, ছড়াকার শ্যামলেন্দু পাল, সঞ্জয় সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, কবি এনামূল হক, জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার, কবি মাহবুবা খান, আশরাফ উদ্দিন ভূঁইয়া, নামিরা হক, রিপন দরদী, সোলায়মান সাদী, শামীম রেজা, মামুন সিরাজী প্রমুখ।
প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন আদিবাসী গবেষক আলী আহাম্মদ খান, লোকসাহিত্য সংগ্রাহক সন্তোষ সরকার, কথাসাহিত্যিক হাবিব-আল-আজাদ, উপজেলা উদীচীর সভাপতি রাখাল বিশ্বাস, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। শেষে রাতে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘ ভাষার জন্য, স্বাধীনতার জন্য এবং গণতন্ত্রের জন্য আমাদের অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এ লড়াই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলে করেছে। এ দেশ আমাদের সবার। আবহমানকাল থেকে যেভাবে মিলেমিশে আছি, সেভাবেই থাকব।’