প্রকাশনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সাহিত্য ও গবেষণা আগামী প্রজন্মকে উন্নত পথ দেখাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাহিত্য ও গবেষণা আগামী প্রজন্মকে উন্নত পথ দেখাবে। মানবচেতনা বিকাশের মাধ্যম হিসেবে কাজ করে গবেষণা। আর কবিতা সুন্দর জীবন, প্রেম ও মৈত্রীর দিগন্তকে উন্মোচিত করে। গতকাল সোমবার দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজ পারভেজের কবিতার বই মানব বংশের অলংকার এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এফ ইমাম আলি ও মিজানুর রহমান মিয়ার গবেষণাগ্রন্থ বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে অসাম্য-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
প্রকাশনা অনুষ্ঠানে এ এফ ইমাম আলি, মাহফুজ পারভেজ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. ওবায়দুল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা ও কানাডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলিয়াছ চৌধুরী।