সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। গতকাল বুধবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান মেলার উদ্বোধন করেন। চট্টগ্রাম একাডেমির আয়োজনে এটি ১৬তম স্বাধীনতার বইমেলা।
বইমেলায় চট্টগ্রামের ২০ গুণী ব্যক্তির নামে বইমেলার ২০টি স্টলের নামকরণ করা হয়েছে। মেলা কাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, দেশে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে চট্টগ্রাম সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। অপশক্তি ও অপসংস্কৃতিকে রুখে দিয়ে স্বাধীনতার শক্তিকে সুসংহত করেছে চট্টগ্রাম।
অনুপম সেন বলেন, চট্টগ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। সব সময় স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম একাডেমি বইমেলার আয়োজন করে চট্টগ্রামের প্রকাশনাগুলোকে সমৃদ্ধ করে চলেছে।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, জ্ঞানভিত্তিক সমাজের জন্য বইয়ের বিকল্প নেই। বইয়ের প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, চট্টগ্রাম সমিতি ঢাকার সম্পাদক গিয়াসউদ্দিন খান, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেসার আহমেদ, চট্টগ্রাম একাডেমির স্বাধীনতার বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলম, যুগ্ম আহ্বায়ক জিন্না চৌধুরী, চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ প্রমুখ।
এ ছাড়া গতকাল বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।