সাহিত্য চক্রের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কবি-সাহিত্যিকেরা সমবেত হন। গত শনিবার দিনভর এই অনুষ্ঠান চলে উপজেলা পরিষদ মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক মুহম্মদ নূরুল হুদা। এদিন সকাল সাড়ে ১০টায় শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আয়োজক সংগঠনের সম্পাদনায় প্রকাশিত শাশ্বত বাংলার মুখ পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
বেলা সাড়ে ১১টায় শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক অধ্যক্ষ এস এম বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী সিটি কলেজের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মুহম্মদ রহমতুল বারী, শেরপুর বিজ্ঞান ও কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ মিনতি কুমার রায় প্রমুখ।
আগত কবি-সাহিত্যিকদের লেখা কবিতা ও প্রবন্ধ নিয়ে আলোচনা চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
অনুষ্ঠানে আটজনকে সাহিত্য পুরস্কারে ভূষিত করে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। তাঁরা হলেন অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, সাইদুর রহমান, মো. আজিজুল হক, পংকজ সাহা, ম. শ. ইসলাম, কে এম সাইফুল ইসলাম, মো. ইয়াছিন আলী ও মো. ফকরুল ইসলাম।