বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘কোনো বিদ্যা বিদ্যা নয়, যদি তা জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত না করা যায়। সাহিত্য জীবনকে প্রত্যক্ষ করে। সাহিত্য ছাড়া মানুষের আর কোনো বিকল্প নেই। মানুষের ভাষারও বিকল্প নেই। বাকই হচ্ছে বাস্তবতা। বাক যাঁর প্রধান অস্ত্র, তিনিই হচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানুষের এত কাছে গিয়েছেন। রবীন্দ্রনাথ তাঁর কাজের ভাঁজে ভাঁজে দর্শন রেখে গেছেন।’গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী স্মারক বক্তৃতায় হাসান আজিজুল হক এসব কথা বলেন। রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য।