সাহিত্য পরিষদের উৎসবে আলোচনা, কবিতা আর গান
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও’।
বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের শহীদ আলাউল মিলনায়তনে উৎসব শুরু হয়। উৎসব উদ্বোধনের আগেই মিলনায়তন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মো. তৌহিদ হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সংগঠনের সদস্য মনোয়ারা খুশির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।
আলোচনা সভা শেষে শুরু হয় চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের সদস্যদের পরিবেশনায় কবিতাপাঠের আসর। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। সাহিত্য পরিষদ গত ২০ নভেম্বর তার ৩৯ বছর পূর্ণ করে।