সাহিত্য মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় আয়োজিত ‌‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন আসাদুজ্জামান নূর। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় আয়োজিত ‌‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন আসাদুজ্জামান নূর। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশের সাহিত্য এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করে রেখেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবি-সাহিত্যিকেরা তাঁদের কলম ধরে রেখেছেন।

আজ শনিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় আয়োজিত ‌‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

গত ৩০ জানুয়ারি কলকাতার এ বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৩ দিনব্যাপী আয়োজিত এ মেলা শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ পংকজ দেবনাথ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খান।

সেমিনারে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা দেশের স্বাধীনতা এনেছি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমাদের সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। অশুভ শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চলছে। এই সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ এক হয়েছে।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়তে হবে। কারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে তা দেশবাসী জানে। তাই দেশ থেকে এই জঙ্গিবাদকে নির্মূল করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের বন্ধু দেশ ভারত। আমাদের এই দু'দেশের মধ্যে সমস্যা আছে। বহু সমস্যার সমাধান হয়েছে। আমরা আশা করি আমাদের সব সমস্যারই সমাধান হবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে।’

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন। আলোচনায় অংশ নেন বাংলাদেশের লেখক ইমদাদুল হক মিলন এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। সেমিনারের পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের শিল্পী অদিতি মহসিন, প্রিয়াংকা গোপ, এএসএম শফি মণ্ডল প্রমুখ।

এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৪২টি প্রকাশনা সংস্থা। তিন হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি নির্মিত হয়েছে ঢাকার আহসান মঞ্জিলের আদলে।