সাহিত্য সম্মেলনের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের লোগো
আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের লোগো

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের নিবন্ধন চলছে। সম্মেলনে অংশ নিতে দর্শনার্থীদের নিবন্ধন করতে হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগ্রহীরা বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন www.banglasahityasammelan.com এই ঠিকানায়।

বাংলা সাহিত্যের সৃজন ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে ঢাকায় ১৩-১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪’। বাংলা একাডেমির দুটি মিলনায়তন ও বাইরে তিনটি মঞ্চে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি বেলা তিনটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী দিনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সম্মেলনের পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণে বই ও নানা রকম সাহিত্য-সাময়িকী বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। মোট ছয়টি সেমিনারে নির্ধারিত বিষয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা করবেন আমন্ত্রিত ব্যক্তিরা। একাধিক অস্থায়ী মঞ্চে চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, আবহমান বাংলা গান ও লোক অনুষ্ঠান পরিবেশিত হবে। গল্প ও কবিতাপাঠে অংশ নেবেন নির্বাচিত কবি-কথাসাহিত্যিক ও আলোচকবৃন্দ। অতিথি-দর্শনার্থী ও সাহিত্যিকদের মধ্যে উন্মুক্ত আড্ডার সার্বক্ষণিক আয়োজন থাকবে।