অবিভক্ত বাংলার কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাংলাদেশের সাহিত্য যে অনুপ্রেরণা পেয়ে এসেছে, সেই বাংলাদেশের সাহিত্যকে এখন মৌলবাদীদের হুমকি ও ভীতি মোকাবিলা করতে হচ্ছে। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে ‘ওপার বাংলার সাহিত্য’ শীর্ষক আলোচনা-আড্ডায় এ কথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখক-সাংবাদিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।গত শনিবার সাহিত্য উৎসবে আনিসুল হক জানান, বাংলাদেশের তরুণ লেখকেরা তাঁদের লেখার মাধ্যমে অসাম্প্রদায়িক ভাবনা এবং আধুনিক মূল্যবোধকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।রাজনৈতিক সীমানাকে অগ্রাহ্য করে কীভাবে দুই বাংলার মধ্যে সাহিত্য-সংস্কৃতির আদান-প্রদান হয়েছে, তা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ভারতের দুই লেখক রাধা চক্রবর্তী ও অরুণাভ সিনহা।ওই আলোচনায় আনিসুল হক বলেন, রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’কে বাংলাদেশে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে। রবীন্দ্রনাথ একদিন বাংলা ভাগের বিরুদ্ধেই এটি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে ১৯৪৭ সালের দেশবিভাজনকে মেনে নিতে পারতেন না। তবে আনিসুল হক বলেন, রবীন্দ্রনাথের ঐতিহ্য আজ বাংলাদেশে হুমকির মুখে। তসলিমা নাসরিনকে দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছে। ২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের মতো লেখক ছুরিকাহত হন এবং পরে তিনি মারা যান।আনিসুল হক আরও বলেন, বাংলাদেশিরা বই পড়তে খুব ভালোবাসেন। তরুণদের মধ্যে নতুন বইয়ের জন্য অসম্ভব আগ্রহ দেখা যায়। বিশেষ করে, ভারতের বাঙালি লেখকদের বইয়ের প্রতি তাঁদের আগ্রহ লক্ষ করার মতো।