সাহিত্যচর্চার জন্য আড্ডা দরকার, যা নেই: সৈয়দ আবুল মকসুদ

প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সাহিত্যচর্চার জন্য আলোচনা করা দরকার। নিয়মিত সাহিত্যিক, কবিদের আড্ডা দেওয়া দরকার। যাতায়াত সমস্যা, জীবন-জীবিকার জন্য এখন আর আড্ডা হয়ে ওঠে না। আগে এটা অনেক ছিল, যা এখন নেই।
রাজধানীর ডেইলি স্টার ভবনের এস এম আলী লাইব্রেরি হলে আজ শুক্রবার রাত পৌনে আটটায় এক সাহিত্য নিয়ে আলোচনায় আবুল মকসুদ এ কথা বলেন। কালের ধ্বনি পত্রিকা অর্ধ যুগপূর্তি উপলক্ষে দশ তরুণের ‘সাহিত্যকর্ম পাঠোৎসব’ শিরোনামে এই আয়োজন করে।
কালের ধ্বনি ২০০৯ সাল থেকে নিয়মিত বিষয়ভিত্তিকভাবে প্রকাশিত হচ্ছে। গত বছর সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিক আবুল মনসুর আহমেদকে উৎসর্গ করা কালের ধ্বনির সংখ্যাটি দেশে ব্যাপক পরিচিতি লাভ করে।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বাংলা সাহিত্যে এটা আগাগোড়া আছে। রবীন্দ্রনাথের সময়ও আড্ডা হতো। আরও পরে বুদ্ধদেব বসু কিংবা শামসুর রাহমান সবাই আড্ডা দিতেন। এখন আমরা সবাই বিরাট বড় ইন্টেলেকচুয়াল হয়ে গেছি। ফলে তরুণেরা তাঁদের কাছে গেলে গুরুত্ব দেন না বা দুই চার কথা শুনিয়ে দেন। ফলে তরুণদেরও আর আগ্রহ থাকে না।’ তিনি নতুন পুরোনো লেখকদের নিয়মিত আড্ডার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা বলেন, নিজেকে পুনঃপ্রতিষ্ঠা বা সৃষ্টি করার শক্তিশালী হাতিয়ার বাংলা ভাষা। মানুষের সৃজনশীলতার সবচেয়ে বড় অংশ কাব্য রচনা। তবে কবিতা বুঝতে চেষ্টা করে খুব বেশি লাভ নেই। কবিতা ভালো লাগে বা হৃদয় স্পর্শ করে কিনা তা দেখতে হবে।
কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজ বলেন, বাংলাসাহিত্যের চিরায়ত ধারা ও সমকালীন ধারার একটা মেলবন্ধন বা সমন্বয় করতেই তরুণদের এই সাহিত্যকর্ম পাঠোৎসব আয়োজনের উদ্দেশ্য। পাঠোৎসবে দশজন তরুণের সাহিত্যকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি শোয়াইব জিবরান, কালের ধ্বনির প্রধান সম্পাদক আশিক রেজা প্রমুখ বক্তব্য দেন।