সাহিত্যপাঠ থেকে যুদ্ধবিগ্রহ 'বীক্ষণ'-এর আলোচ্য সবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক মাইলফলক স্পর্শ করল ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র ‘বীক্ষণ’। ৭ নভেম্বর শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল উদ্যানের খোলা আকাশের নিচে এই পাঠচক্রের এক হাজার ৬০০তম আসর বসেছিল। এই আসরে জড়ো হয়েছিলেন দেশের খ্যাতনামা শতাধিক কবি ও লেখক। ১৯৮৩ সালের ৮ সেপ্টেম্বরের বৃষ্টিস্নাত বিকেলে এর প্রথম আসর বসেছিল ময়মনসিংহ শহরের সি কে ঘোষ সড়কে অবস্থিত প্রেসক্লাব চত্বরে।
ময়মনসিংহ সাহিত্য সংসদ প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। আর ব্রহ্মপুত্রের নদের পাড়ে প্রতি শুক্রবার সংগঠনটির পাঠচক্র ‘বীক্ষণ’-এর নিয়মিত আসর বসছে। ময়মনসিংহ সাহিত্য সংসদের ডাকে মুক্তবুদ্ধিচর্চার কিছু মানুষের সেদিনের সেই জমায়েত আজ দেশ-বিদেশের বহু মানুষের সাহিত্য-প্রেরণার অনন্ত উৎস।
এই পাঠচক্রে মুক্তবুদ্ধিচর্চায় সাহিত্যের সব শাখার পাশাপাশি ভ্রমণ, পর্যটন, প্রত্নতত্ত্বসহ নানা বিষয়ে আলোচনা হয় প্রতি আসরে। চলে বিষয়ভিত্তিক স্বরচিত পাঠ। পাঠচক্রে মুক্তবুদ্ধিচর্চার প্রাসঙ্গিকতায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন রাজনৈতিক সংকট, যুদ্ধবিগ্রহ, বিশ্বের যেকোনো প্রান্তের মানবতার বিপর্যয় নিয়েও আলোচনা করা হয়।
১৯৯৩ সালের ৬ আগস্ট জমকালো আয়োজনের মাধ্যমে উদ্যাপন করা হয় বীক্ষণের ৫০০তম আসর। ওই আসরে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। ২০০৩ সালে বসে বীক্ষণের এক হাজারতম আসর।
পথচলার ধারাবাহিকতায় বীক্ষণ পাঠচক্রে বিভিন্ন সময়ে অংশ নেন দেশের খ্যাতনামা কবি ও লেখকেরা। প্রতি আসরেই বীক্ষণের সঙ্গে যুক্ত হয় নতুন নতুন মুখ। এভাবেই নিয়মিত এক হাজার ৬০০তম সাপ্তাহিক আসরের আয়োজন করে তরুণ প্রজন্মকেও মুক্তবুদ্ধিচর্চায় আগ্রহী করে তুলছে বীক্ষণ পাঠচক্র।
এক হাজার ৬০০তম আসরে আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক নাসরিন জাহানসহ শতাধিক কবি ও লেখক। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক। সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাহিত্য সংসদের বর্তমান সভাপতি কবি ও নাট্যকার ফরিদ আহমেদ।
নাসরীন জাহান বলেন, ‘পৃথিবীর অন্য কোথাও সাহিত্যের একটি পাঠচক্র ধারাবাহিকভাবে তিন দশক অতিক্রম করেছে বলে আমার মনে হয় না। ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহের মানুষ ও সাহিত্যকে ভালোবেসে বহুবার ছুটে এসেছি বীক্ষণের এই আসরে।’