সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৩-১৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩-১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’।
‘বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা’ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিকেরা অংশ নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি এই সম্মেলনের আয়োজন করছে। ইতিমধ্যে সম্মেলন আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট উপপরিষদের আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান জানান, ১৩ মার্চ সকাল সাড়ে আটটায় শহীদুল্লাহ কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বাংলা বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে সাহিত্য নিয়ে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন রাজশাহীতে এবারই প্রথম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী জানান, সম্মেলনের দুই দিনে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের অন্যান্য ভাষার সাহিত্য নিয়ে মোট ১৩টি অধিবেশনে ৪৩টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রবন্ধকার ও আলোচক মিলিয়ে বিভিন্ন ভাষার প্রায় অর্ধশত সাহিত্যিক এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে যোগ দেবেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, গৌড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাহিত্যিকেরা। বাংলাদেশেও প্রায় সব বিশ্ববিদ্যালয় থেকে সম্মেলনে যোগ দেবেন শিক্ষকেরা। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অংশগ্রহণকারীরা সম্মেলনে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকেরা।