রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। সম্মেলনের ১৩টি অধিবেশনে সাহিত্যিক ও গবেষকদের ৪৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি আয়োজিত এই সম্মেলনে বাংলা ভাষায় সৃষ্ট সাহিত্যের বৈচিত্র্য, উৎকর্ষ, শৈল্পিক পরিকাঠামো কতটা কীভাবে প্রসারিত হচ্ছে সে সম্পর্কে বিশেষজ্ঞরা আলোচনা করেন। বাংলা ভাষার পাশাপাশি দেশে ইংরেজি, উর্দু, মারমা, মণিপুরি, গারো, চাকমা প্রভৃতি সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার আদান-প্রদান এবং এসব ভাষায় বাংলা সাহিত্যের অবদান ও পঠন-পাঠন-অনুবাদ কেমন হচ্ছে সেগুলো অধিবেশনগুলোতে আলোচনা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের কবিতা’ শীর্ষক অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ মামুন অর রশিদ ও ইসমাইল হোসেন। চৌধুরী জুলফিকার মতিনের সভাপতিত্বে এতে আলোচনা করেন সালিম সাবরিন ও খালেদ হোসাইন। একই স্থানে সকাল সাড়ে ১০টায় ‘ক্ষমতা ও সাহিত্য’ শীর্ষক অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন মননকুমার মণ্ডল, সুমিতা মুখোপাধ্যায় ও দেবনারায়ণ মোদক। একুশে পদকজয়ী অর্থনীতিবিদ ও সাহিত্যিক অধ্যাপক সনৎকুমার সাহার সভাপতিত্বে এতে আলোচক ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও সালিম সাবরিন। এ ছাড়া ‘প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য’, ‘লোকসাহিত্য’ ও ‘অপর ভাষার সাহিত্য-৩’ শীর্ষক তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয় ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে।